শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ - ১০:৫৩
বাহরাইনের আলে খলিফা সরকারের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আয়াতুল্লাহ ফাজেল লানকারানির

বাহরাইনের শিয়া আলেমদের বিরুদ্ধে দেশটির সরকারের গৃহীত পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন আয়াতুল্লাহ মুহাম্মদ জাওয়াদ ফাজেল লানকারানি। তিনি সব মুসলমানের, বিশেষ করে বাহরাইনের সচেতন ও আত্মমর্যাদাবোধসম্পন্ন আহলে বাইতের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিবাদের মাধ্যমে এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতনের পথ সুগম করতে হবে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, ফিকহি গবেষণা কেন্দ্র ‘আইম্মায়ে আহলে বাইত (আ.)’-এর প্রধান আয়াতুল্লাহ মুহাম্মদ জাওয়াদ ফাজেল লানকারানি বাহরাইনের বিচার বিভাগ কর্তৃক কয়েকজন আলেম ও মুমিন ব্যক্তিকে বিভিন্ন দণ্ডে, বিশেষ করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন:

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,

 وَمَنْ لَمْ یَحْکُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِکَ هُمُ الْکَافِرُونَ

আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারাই কাফির।

তিনি আরও ইরশাদ করেছেন,

 وَمَنْ لَمْ یَحْکُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِکَ هُمُ الظَّالِمُونَ

আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারাই জালিম।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি, বাহরাইনের অত্যাচারী ও স্বৈরাচারী সরকার এবং দেশটির বিচার বিভাগ আহলে বাইত (আ.)-এর ধর্ম ও আদর্শের সমর্থক একাধিক দায়িত্বশীল আলেমকে ভিত্তিহীন ও মনগড়া অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে, এসব রায় আল্লাহর নাজিলকৃত বিধানের পরিপন্থী বিচারকার্যের সুস্পষ্ট দৃষ্টান্ত। পবিত্র কুরআনে এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।

সবারই জানা, অবৈধ ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল তার অলীক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অঞ্চলে শিয়া আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত শিয়া মতাদর্শের মোকাবিলা এবং তা নির্মূলের চেষ্টা করছে। কিন্তু তাদের জেনে রাখা উচিত, এ ধরনের লজ্জাজনক পদক্ষেপের ফলে শিয়া মতাদর্শ এবং ইসরায়েল ও আমেরিকার অপরাধমূলক পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মুসলিম জাতিগুলোর মধ্যে দিন দিন আরও জোরালো ও বিস্তৃত হবে। একইভাবে, এসব অবৈধ বিচারক ও পুতুল শাসকদেরও বুঝতে হবে, এ ধরনের রায়ের মাধ্যমে তারা নিজেদের ধ্বংস ও পতনকে আরও ত্বরান্বিত করছে।

এ ধরনের ধর্মবিরোধী, বেআইনি ও অমানবিক আচরণের বিরুদ্ধে আমি আমার তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করছি। একই সঙ্গে সব মুসলমানের, বিশেষ করে বাহরাইনের সচেতন ও আত্মমর্যাদাবোধসম্পন্ন আহলে বাইতের অনুসারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এ অন্যায় আচরণের বিরুদ্ধে নীরব না থাকেন; বরং প্রতিবাদের মাধ্যমে এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতনের পথ সুগম করেন এবং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ও তাঁর কঠোর প্রতিশোধের ওপর আস্থা রাখেন।

 إِنَّا مِنَ الْمُجْرِمِینَ مُنْتَقِمُونَ

“নিশ্চয়ই আমরা অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব।”

মুহাম্মদ জাওয়াদ ফাজেল লানকারানি
[২৭ আবান ১৪০৫ হিজরি সৌরবর্ষ, মোতাবেক ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি।]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha